কাজিপুরে বেড়েছে কম্বল তৈরির ব্যস্ততা
সংবাদের আলো ডেস্ক: শীতের আগমনি বার্তায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ২৫টি গ্রামে কম্বল তৈরির কর্মচঞ্চলতা বেড়েছে। গ্রামের নানা বয়সি মানুষ ভোর থেকে রাত পর্যন্ত কম্বল তৈরি করেও কুলিয়ে উঠতে পারছেন না। অথচ আড়াই দশক আগেই যমুনা নদীর করাল গ্রাসে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে কর্মহীন জীবনযাপন করেছিলেন এসব মানুষ।
সরেজমিনে জানা যায়, ১৯৯৪ সালের দিকে কাজীপুর উপজেলার ছালাভরা কুনকুনিয়া গ্রামের আব্দুল খালেক তার বাড়িতে পোশাক কারখানার ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি শুরু করেন। পরে বর্শীভাঙ্গা গ্রামের সাইদুল ইসলামও শুরু করেন এই ব্যবসা। তারা ঢাকার গাজীপুর থেকে কিনে আনা ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি করেন। সাইকেলে করে সেই কম্বল বিক্রি শুরু করেন গ্রামে গ্রামে।
অল্প সময়ের মধ্যে লাভবান হওয়ায় উপজেলার শিমুলদাইড়, বর্শীভাঙ্গা, সাতকয়া, শ্যামপুর, ছালাভরা, কুনকুনিয়া, পাইকরতলী, ঢেকুরিয়া, বরইতলা, মুসলিমপাড়া, মানিকপটল, গাড়াবেড়, রশিকপুর, হরিনাথপুর, ভবানীপুর, মাথাইলচাপড়, রৌহাবাড়ী, পলাশপুর, বিলচতল, লক্ষ্মীপুর, বেলতৈল, চকপাড়া, চালিতাডাঙ্গা, কবিহার ও হাটশিরা গ্রামে ছড়িয়ে পড়ে এই ব্যবসা। এসব গ্রামের অন্তত ৩০ হাজার নারী-পুরুষ এই কম্বল তৈরির সঙ্গে সরাসরি জড়িত।
মাইজবাড়ী ইউনিয়নের শিমুলদাইড় বাজারের কম্বল তৈরির কারিগর রবিউল আলম বলেন, পোশাক শিল্পের ফেলে দেওয়া ঝুট কাপড় বিশেষ কায়দায় সেলাই করে তৈরি করা হয় কম্বল। এসব ঝুট ঢাকা থেকে কিনে আনেন মালিকরা। এছাড়া চাহিদা অনুযায়ী নতুন কাপড় কেটেও তারা কম্বল তৈরির কাজ করেন৷
আরেক কারিগর মিজানুর রহমান বলেন, শিমুলদাইড় গ্রাম ছাড়াও উপজেলার ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পোশাক শিল্পের টুকরো কাপড় দিয়ে পা ও ফ্ল্যাট লক মেশিনের মাধ্যমে কম্বল তৈরি করেন। তিনি আরও বলেন, পা মেশিন দিয়ে প্রতিদিন একজন শ্রমিক ৮ থেকে ১০টা কম্বল তৈরি করেন। প্রত্যেক কম্বল তৈরি বাবদ একজন কারিগর সাইজ অনুযায়ী ৩০-৫০ টাকা করে পান। আর ফ্ল্যাট লক মেশিনে প্রতিদিন একজন কারিগর ৩৫০ থেকে ৫০০টি কম্বল তৈরি করতে পারেন। তারা কম্বলের ওজনের ভিত্তিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত মজুরি পেয়ে থাকেন। মৌসুমে পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারের কাজের ফাঁকে এ কাজ করে বাড়তি আয় করেন।
গৃহিনী ফুয়ারা বেগম জানান, তার এক ছেলে পঞ্চম ও এক মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। তাদের বসবাস যমুনা নদী ভাঙন কবলিত এলাকায়। তার স্বামীর উপার্জনে ছেলে-মেয়েদের পড়াশোনা ও সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। তাই তিনি কম্বল তৈরির কাজ করেন। এতে তাদের সংসার বেশ ভালোই চলছে।
স্থানীয়রা জানান, কাজীপুরে প্রায় ১৫ থেকে ২০ হাজার পা চালিত ও পাঁচ থেকে ছয় শতাধিক ফ্ল্যাট লক পাওয়ার মেশিন রয়েছে।
ফ্ল্যাট লক মেশিনের কারিগর ইসমাইল সেখ বলেন, প্রতিটি মেশিনে কমপক্ষে তিনজন শ্রমিক কাজ করে। এতে প্রতিজন এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকা আয় করতে পারেন।
তিনি আরও জানান, বর্তমানে একটি লেপ তৈরি করতে এক থেকে দেড় হাজার টাকা লাগে। অথচ একটি ঝুট কম্বল ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায়। ব্লেজার তৈরির পরিত্যক্ত ঝুট জোড়া দিয়ে বানানো কম্বল একদিকে যেমন হালকা, অন্যদিকে প্রচণ্ড শীতেও এ কম্বল বেশ গরম ও আরামদায়ক।
তবে তিনি বলেন, দুই বছর আগে যে ঝুট ১০ টাকা কেজি কেনা যেত, এখন সেটা ২৫ থেকে ৪০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। গরমের সময় প্রতি কম্বলের দাম কম থাকলেও শীতে সেটা বেড়ে যায়। আর এই কারণে গৃহস্থালির কাজের ফাঁকে নারীরাও কম্বল সেলাই করেন।
ছালাভরা গ্রামের সুফিয়া খাতুন জানান, তিনি প্রতি কম্বল সেলাইয়ে ৩০ থেকে ৪০ টাকা করে মজুরি পান। বাড়ির কাজের ফাঁকে প্রতিদিন ৭ থেকে ১০টি কম্বল তিনি সেলাই করতে পারেন। এতে দিনে ২৮০ থেকে ৪০০ টাকা তার আয় হয়। এ আয় দিয়ে তিনি তার সন্তানদের পড়াশোনার খরচ ছাড়াও সংসারের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারেন। অপরদিকে তার স্বামীর আয় সঞ্চয় করে কৃষি জমি ও গবাদিপশু পালনে বিনিয়োগ করেন৷
শিমুলদাইড় বাজারের মেসার্স ভাই বোন ট্রেডার্সের মালিক রবিউল ইসলাম বলেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টসের টুকরো কাপড় কেনা হয়। এসব কাপড়ের দাম মণ প্রতি ৫০০ থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত হয়। প্রতিমণ কাপড়ে ৭০ থেকে ১২০টি পর্যন্ত কম্বল তৈরি হয়। প্রতি কম্বল পাইকারি বিক্রি হয় ৮০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত।
তিনি আরও বলেন, এ বাজারে প্রায় ১০০টি কম্বলের দোকান রয়েছে।
এসব দোকান থেকে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা পাইকারি দরে কম্বল কিনে নিয়ে যান। এতে শীতের মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার পাইকারি কেনাবেচা হয়।
রংপুর থেকে কম্বল কিনতে আসা লিয়াকত আলী বলেন, আরামদায়ক ও দাম কম হওয়ায় প্রত্যেক শীতের মৌসুমে তিনি কাজীপুরে কম্বল কিনতে আসেন। এবার তিনি প্রায় ২০ লাখ টাকার কম্বল কিনে মজুদ করেছেন। যা আগামী মাস থেকেই বিক্রি শুরু করবেন। নতুন করে আরও পাঁচ লাখ টাকার কম্বল কিনে নিয়ে যাবেন।
শিমুলদাইড় বাজার বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন বলেন, কম্বলের পাশাপাশি ছোট ছেলে-মেয়েদের বিভিন্ন ধরনের পোশাকও তৈরি করা হয়। তৈরিকৃত এসব কম্বল ও পোশাক দেশের বিভিন্ন প্রান্তে পরিবহনযোগে চলে যায়। আবার কেউ কেউ অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। প্রত্যেক শীত মৌসুমে ১৫০ থেকে ২০০ কোটি টাকার কম্বল ও শিশুদের পোশাক বিক্রি হয়। তবে এবার সেই টার্গেট পূরণ হওয়া নিয়ে বেশ শঙ্কায় রয়েছেন তারা।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার বলেন, কাজীপুরের কম্বল একটি সম্ভাবনাময় শিল্প। যার মাধ্যমে গ্রামে বসেই হাজারো মানুষের কর্মের সুযোগ তৈরি হয়েছে। ওই কম্বলগুলো আরামদায়ক ও দামে কম হওয়ায় নিম্ন আয়ের মানুষ ছাড়াও সকলের কাছেই বেশ পছন্দনীয়। এ প্রসঙ্গে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, কম্বল শিল্পকে আরও এগিয়ে নিতে প্রশিক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।