,

শিরোনাম

দুর্গাপুরে শিববাড়ি সেবা সংঘ মন্দিরে চলছে ৫৬ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান 

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও দেশমাতৃকার শুভ কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে ৫৬ প্রহরব্যাপী (৭ দিন) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠান। পৌর শহরের উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দির প্রাঙ্গণে এই ধর্মীয় উৎসব চলছে।

গত মঙ্গলবার  (১৭ নভেম্বর) শুভ অধিবাসের মধ্য দিয়ে এই মহাযজ্ঞানুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী মঙ্গলবার  (২৪ নভেম্বর) কুঞ্জভঙ্গ, নগর কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

এবারের মহাযজ্ঞে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তনের দল পালাক্রমে হরিনাম সুধা পরিবেশন করে চলেছেন। কীর্তনের সুরে ও ভক্তদের হরিধ্বনিতে পুরো মন্দির ও আশপাশের এলাকা মুখরিত হয়ে উঠেছে।

ধর্মীয় এই মহোৎসবকে কেন্দ্র করে দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত ভক্ত ও পূণ্যার্থীর সমাগম ঘটছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিদিন দুপুর ও রাতে বিশেষ মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, হরিনাম মহাযজ্ঞকে ঘিরে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে গ্রামীণ মেলার আমেজ। মেলায় আগত দর্শনার্থী ও ভক্তদের জন্য বসেছে নানা ধরনের দোকানপাট। এসব দোকানে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, পূজার উপকরণ, শাঁখা-সিঁদুরসহ রকমারি মিষ্টান্ন ও মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে। 

আয়োজনের সার্বিক বিষয়ে কীর্তন কমিটি জানান, ‘দেশমাতৃকার মঙ্গল এবং বিশ্বশান্তির প্রত্যাশায় আমাদের এই বার্ষিক আয়োজন। প্রতি বছরের মতো এবারও ভক্তদের ব্যাপক সাড়া পাচ্ছি। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে  সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়