,

শিরোনাম

সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতার ৫ গুণ বেশি বন্দি

সংবাদের আলো ডেস্ক: ধারণ সক্ষমতা মাত্র ৩৫২ জন। কিন্তু বর্তমানে এক হাজার ৬১৭ জন বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে সিরাজগঞ্জ জেলা কারাগার। অর্থাৎ ধারণক্ষমতার প্রায় পাঁচগুণ বন্দি রয়েছে কারগারে। অতিরিক্ত বন্দির চাপে আবাসন ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র চাপ। বিশেষ করে রাতে নির্ধারিত ওয়ার্ডে জায়গা সংকুলান করা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বন্দিদের মৌলিক সুবিধা নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

সিরাজগঞ্জ কারা সূত্রে জানা গেছে, বর্তমানে কারাগারে থাকা বন্দিদের মধ্যে পুরুষ এক হাজার ৫৪৯ এবং নারী ৬৮ জন। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত কয়েদির পাশাপাশি অধিকাংশই বিচারাধীন মামলার আসামি। গত পাঁচ বছরে কারাগারে থাকা অবস্থায় ২১ জন পুরুষ কয়েদির মৃত্যু হয়েছে।

তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, বন্দির সংখ্যা ধারণক্ষমতার কয়েকগুণ হলেও থাকা-খাওয়ার ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সপ্তাহে দুইদিন ছুটি ছাড়া প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন নতুন বন্দি কারাগারে প্রবেশ করেন। একই সঙ্গে আদালতের নির্দেশে অনেকে মুক্তিও পান। বন্দিদের নিরাপত্তার পাশাপাশি সংশোধনমূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে কারাগারের ভারপ্রাপ্ত জেলার সাইদুল ইসলাম বলেন, ‘কারাগারের ধারণা ক্ষমতা অনুযায়ী বন্দি বেশি থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের সমস্যা দেখা দেয়নি।’ তবে কারা সদস্যদের ভাষ্য, দিনের বেলায় ওয়ার্ডের বাইরে চলাচলের সুযোগ থাকলেও সন্ধ্যার পর সবাইকে নির্ধারিত কক্ষে ফিরতে হয়। তখন জায়গার সংকট প্রকট হয়ে ওঠে। গরমের সময় ভোগান্তি আরও বাড়ে।

১৯১৮ সালে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ জেলার উপকারাগারের যাত্রা শুরু করে। ১৯৯৪ সালে কান্দাপাড়া এলাকায় ৬ দশমিক ৫০ একর জমিতে জেলা কারাগারের কার্যক্রম শুরু হয়। পরে ধারণক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে ২০০০ সালে আরও চার একর জমি কেনা হয়। কিন্তু জমি বাড়লেও অবকাঠামো সম্প্রসারণে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়