শ্রমিক আন্দোলনে কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি
সংবাদের আলো ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে উপজেলার পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।
এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়।
এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক রহিম মাহমুদা আলেজ খাতুন, তুলি ও রফিক বলেন, বেতনের দাবিতে আন্দোলন হলেও এখন তাঁরা কাজে ফিরতে চান। প্রতিদিন কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যেতে হচ্ছে। কাজ না থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তার সঠিক তথ্য এখনো তাঁদের কাছে আসেনি। তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।