কথিত ‘লকডাউনে’ও কর্মব্যস্ত রাজধানী, যান চলাচল স্বাভাবিক
সংবাদের আলো ডেস্ক: রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ও মানুষের দৈনন্দিন কার্যক্রম ছিল স্বাভাবিক। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। গণপরিবহন চলাচলও ছিল স্বাভাবিক। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিপণিবিতান ও দোকানপাট খোলা থাকায় দৈনন্দিন কাজে বের হওয়া মানুষকে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে সাধারণ মানুষকে।
তবে ঝিরিঝিরি বৃষ্টি ও শীতের কারণে সকালে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বাড়ে। নগরের কয়েকটি এলাকায় যানজটও দেখা যায়।
এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। তবে নিরাপত্তা জোরদারের কারণে সাধারণ মানুষের চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।
এর আগে লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার আশঙ্কা তৈরি হয়। তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীতে যানবাহন চলাচল, অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।