,

শিরোনাম

অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত: গোলাম মাওলা রনি

সংবাদের আলো ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিলের চলমান ব্যবসায়িক ও আর্থিক সংকটে রাষ্ট্রের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। আজ বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি বলেন, নায়ক অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত। তার প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার শ্রমিক কাজ করেন এবং তার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। সেই তুলনায় তার দেনার পরিমাণ মাত্র ২০০ কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে আর্থিক সংকট ও ব্যাংক ঋণের কারণে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের বেশ কয়েকটি কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) থেকে নেওয়া প্রায় ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার খেলাপি ঋণের বিষয়ে তাকে ও তার প্রতিষ্ঠানকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। 

এমন পরিস্থিতিতে তার কারখানার হাজার হাজার শ্রমিকের ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্যাংকের পাঠানো নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়