,

শিরোনাম

কালিয়াকৈরে পল্লীমঙ্গলের মাঠকর্মীর বিরুদ্ধে সদস্যের টাকা আত্মসাতের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীমঙ্গল কর্মসূচির ৩০ থেকে ৪০ জন ঋণগ্রহীতা সদস্যের কিস্তির টাকা আত্মসাৎ, প্রতিষ্ঠানে জমা না দেওয়া এবং কয়েকজন সদস্যের চেক সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের (পিএমকে) সাবেক মাঠকর্মী আজিজুল ইসলাম (৪০) এর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে পল্লীমঙ্গল সমিতি কতৃপক্ষ। অন্যদিকে, আজিজুল ইসলামের স্ত্রী মোছা. আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে বিভিন্ন সদস্যকে ফোন করে মোটা অঙ্কের টাকা দাবি এবং টাকা না দিলে চেক ডিজঅনারের মামলা করার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম পল্লীমঙ্গল কর্মসূচির গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ঋণগ্রহীতা সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা আদায় করে তা প্রতিষ্ঠানের হিসাবে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকি কয়েকজন সদস্য ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করলেও সেই অর্থ প্রতিষ্ঠানের হিসাবে জমা হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সদস্যরা।

এ ছাড়া কয়েকজন সদস্যের চেক অফিসে জমা না দিয়ে তাঁদের ঋণের ফাইল থেকে সরিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এসব ঘটনার কারণে তাঁরা বর্তমানে আর্থিক ও আইনি হয়রানির আশঙ্কায় রয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে সুলতান, শরীফা বেগম, আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম, হারুনুর রশিদ, আফরোজা আক্তার, আরিফা বেগম,মোয়াজ্জেম হোসেন, মালা বেগম ও ইলিয়াস হোসেনসহ আরও অনেকে রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, আজিজুল ইসলামের স্ত্রী মোছা. আয়েশা সিদ্দিকা বিভিন্ন সদস্যকে মুঠোফোনে যোগাযোগ করে মোটা অঙ্কের অর্থ দাবি করছেন। দাবিকৃত টাকা না দিলে তাঁদের চেক ডিজঅনার দেখিয়ে আদালতে মামলা করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে আগে থেকেই কিস্তির টাকা পরিশোধ করা সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে পল্লীমঙ্গল কর্মসূচির এরিয়া ম্যানেজার হযরত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজিজুল বিভিন্ন ধরনের অনিয়ম ও অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তিনি অনেক সদস্যের কাছ থেকে টাকা নিয়ে প্রতিষ্ঠানে জমা দেননি বলে অভিযোগ রয়েছে। 

এতে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগ করে এসব বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দেন। পরে আমাদের প্রতিষ্ঠানের পক্ষে মো: আব্দুল মজিদ বাদী হয়ে আদালতে মামলা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় গাজীপুরের আদালতে ১০৭৩/২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা হয়।

এদিকে, ভুক্তভোগী সদস্যরা তাঁদের জমা দেওয়া কিস্তির অর্থের সঠিক হিসাব নির্ধারণ, ব্যক্তিগত চেকের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আজিজুল ইসলাম ও তাঁর স্ত্রী মোছা. আয়েশা সিদ্দিকার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম বলেন পল্লীমঙ্গল সমিতির বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়