আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে কামারখন্দে বিএনপির ২ হাজার মোটরসাইকেলের শোডাউন
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আওয়ামী লীগের ঘোষিত ১৯ তারিখের লকডাউনকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপির উদ্যোগে প্রায় ২ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঝাঐল ইউনিয়নের শহিদুল বুলবুল কারিগরি কলেজ থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল বহরটি হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ শহর প্রদক্ষিণ করে। এরপর মুলিবাড়ী চেক পোস্ট হয়ে সদানন্দপুর ও কড্ডা হয়ে পুনরায় কামারখন্দে এসে শোডাউনটি শেষ হয়।
কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে শোডাউনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি রাব্বি উথান, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোডাউন থেকে নেতাকর্মীরা ১৯ তারিখের কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিএনপি নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। সাধারণ মানুষের পাশে থেকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলায় বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।