শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব
সংবাদের আলো ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে সাকিব লিখেন, ‘শুভ জন্মদিন আপা। আপনার সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য শুভকামনা রইল।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে তার টানা ১৫ বছরের শাসন শেষ হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন সাকিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সরকার পরিবর্তনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার পরিকল্পনা করেছিলেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরারও প্রস্তুতি নেন তিনি। তবে সরকারের অনুমতি না মেলায় দেশে ফেরা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে সেখানেই অবস্থান করছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।