কামারখন্দে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, রাস্তা ও বিদ্যুৎ না থাকায় ভাঙছে বিয়ে
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে প্রবাসী হামিদুর রহমানের বাড়ির চারপাশে বাঁশের বেড়া ও বড়ইগাছের কাঁটা দিয়ে চলাচলের পথ বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুর রশিদ ও আলামিনের বিরুদ্ধে। এতে এক বছর ধরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি। রাস্তা না থাকায় ১৯ বছর বয়সী মেয়ের বিয়ের সম্পর্কও আসছে না বলে দাবি করেছেন প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় গত ৪ অক্টোবর উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
সম্প্রতি উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চরদোগাছি গ্রামে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে বের হওয়ার পথ বাঁশের বেড়া ও বড়ইগাছের কাঁটা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ছয় বছর আগে সাড়ে ১৫ শতাংশ জমি কিনে বাড়ি নির্মাণ করলেও গত এক বছর ধরে বিদ্যুৎ-সংযোগও পাননি তারা। বাড়ি নির্মাণসামগ্রী আনা-নেওয়ার জন্য ব্যবহৃত রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
প্রতিবেশী আব্দুর রাজ্জাক নামে একজন বলেন, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না থাকায় পরিবারটি খুবই অসুবিধায় রয়েছে। গ্রামবাসী ও প্রশাসনের কাছে তাদের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান তিনি।
প্রবাসীর মা হামিদা বেগম জানান, ছেলে বিদেশে কষ্ট করে উপার্জন করে জমি কিনে বাড়ি করেছেন। কিন্তু চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় তারা বারবার অনুরোধ করেও সমাধান পাননি। পরিবারের সদস্যদের মারধরের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের কাছে শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা চান তিনি।
প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন বলেন, আমার স্বামী বিদেশে থাকেন। বাড়িতে বিদ্যুৎ নেই, রাস্তা নেই। অসুস্থ হলে ডাক্তার দেখানোর জন্যও বের হতে পারি না। আমার মেয়ের বয়স ১৯ বছর। রাস্তা না থাকায় বিয়ের সম্পর্ক নিয়ে কেউ দেখতে আসতে চায় না। বারবার এক-দেড় হাত জায়গা চেয়েও পাইনি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু সমাধান চাই।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর সাত্তার বলেন, বিষয়টি নিয়ে দুই-তিনবার সালিশ-বৈঠক হলেও সমাধান হয়নি। তৃতীয় একটি পক্ষের কারণে সমঝোতা হচ্ছে না বলে তার ধারণা। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তিনি সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে বিষয়টি সরেজমিনে দেখবেন। অভিযোগের বিষয়ে আব্দুর রশিদ ও আলামিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গ্রাম আদালতের মাধ্যমে তদন্ত করে দেখা হবে। রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোঁজ নেবেন। পাশাপাশি মেয়ের বিয়ের সম্পর্ক আসার ক্ষেত্রে যে সামাজিক সমস্যা তৈরি হয়েছে, তা বিবেচনায় মহিলা বিষয়ক কর্মকর্তাকেও সম্পৃক্ত করা হয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।