সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর
সংবাদের আলো ডেস্ক: বরগুনার বেতাগী সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘রোড টু ফিউচার’ শীর্ষক সেমিনার আয়োজনের প্রস্তুতি চলছিল। এ আয়োজনের বিষয়ে কলেজ ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়া এবং অর্থায়নের সঙ্গে তাঁকে সম্পৃক্ত না করাকে কেন্দ্র করে সাংবাদিক ও সেমিনারের সমন্বয়ক হোসাইন সিপাহীর ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হোসাইন সিপাহী জানান, বুধবার সকাল ১০টার দিকে তিনি বেতাগী সরকারি কলেজে যান। সেখানে কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারির সঙ্গে ‘রোড টু ফিউচার’ সেমিনার আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে কলেজ থেকে বের হওয়ার সময় ছাত্রদল সভাপতি ইমরান হোসেন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে গালিগালাজ করার পাশাপাশি বহিরাগত বলে আখ্যা দেওয়া হয়। একপর্যায়ে হাতে থাকা রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করা হয়। হোসাইন সিপাহীর অভিযোগ, হামলায় তাঁর মাথায় জখম হয়েছে। হাত ও নাক ফেটে যাওয়ার পাশাপাশি পায়েও আঘাত লেগেছে। রড দিয়ে পিটিয়ে তাঁকে আহত করা হয় বলে জানান তিনি।
হোসাইন সিপাহী সময়ের কণ্ঠস্বরের ঢাকা মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ‘রোড টু ফিউচার’ সেমিনারের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।
হামলার কারণ হিসেবে সেমিনার আয়োজনের অনুমতি ও অর্থায়নসংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করেছেন ভুক্তভোগী। তাঁর ভাষ্য, সেমিনার আয়োজনের বিষয়ে ছাত্রদল সভাপতি ইমরান হোসেনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। একই সঙ্গে অর্থায়নের বিষয়টি তাঁকে না জানানো এবং অর্থের সঙ্গে তাঁকে সম্পৃক্ত না করায় তিনি ক্ষুব্ধ ছিলেন।
হোসাইন সিপাহীর দাবি, এসব বিষয় নিয়েই ইমরান হোসেনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই কলেজ থেকে বের হওয়ার সময় তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তাঁকে বহিরাগত আখ্যা দিয়ে গালিগালাজের পর রড দিয়ে পেটানো হয় বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারি বলেন, “সেমিনারে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সেমিনারটি কলেজে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে আমি জানি না। এ আয়োজনের বিষয়ে আমার কাছ থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি।
সাংবাদিক হোসাইন সিপাহীর ওপর হামলার ঘটনার পর সংশ্লিষ্টরা কলেজে গেলে তাঁদের থামিয়ে দেন বলে জানান অধ্যক্ষ। তিনি বলেন, “আমি চাই না কলেজে কোনো ধরনের গণ্ডগোল হোক। কলেজের পরিবেশ শান্ত থাকুক, শিক্ষার পরিবেশ বজায় থাকুক। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে অধ্যক্ষ বলেন, “এ বিষয়ে কলেজের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। যা করার প্রশাসন করবে।
একজন সাংবাদিক ও শিক্ষামূলক আয়োজনের সমন্বয়কের ওপর হামলার অভিযোগে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সেমিনার আয়োজনকে কেন্দ্র করে এমন ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে।
এ ঘটনায় অভিযুক্ত কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
এ ঘটনায় বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অভিযুক্ত ছাত্রদল সভাপতি ইমরান হোসেনের বক্তব্যও পাওয়া যায়নি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।