বেলকুচিতে সাবেক সমন্বয়ক মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো: মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় পেট্রোল বোমার আগুনে বাড়ির প্রবেশগেটে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে মাহিন সরকার বর্তমানে ঢাকায় অবস্থান করছেনে। বাড়িতে তার অসুস্থ বাবা ও মা থাকেন। তিনি বলেন, বাসার গেটে দাউ দাউ করে আগুন জ্বলছিল। স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নিভিয়েছেন। বাড়ির ভেতরে পেট্রোল বোমা মারার চেষ্টা করা হলেও সেটি দেওয়ালে লেগে গেটেই আগুন ধরে যায়। তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে বলেন, বিভিন্ন অনলাইন মাধ্যম ও অন্যান্যভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে।
মাহিন সরকার আরও জানান, বিষয়টি নিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেছেন। ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন তাকে।
এ বিষয়ে জানতে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামানের মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠাই। সেখানে কে বা কাহারা পেট্রল ডেলে আগুন ধরিয়ে ছিলেন। তবে কোন হতাহতো বা ক্ষয় ক্ষতি হয়নি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।