সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য চিপস উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও উৎপাদন পরিবেশের উন্নয়ন না করা পর্যন্ত কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযানকালে রায়পুর এলাকার মেসার্স খান ফুডস প্রোডাক্টের কারখানায় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। কারখানায় ক্ষতিকারক রঙের ব্যবহার পাওয়া না গেলেও চিপসের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, বিএসটিআইয়ের মোড়কজাতকরণ লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক মো. ইমন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কারখানাটিতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা, চিপস শুকানোর জন্য আধুনিক ড্রায়ার মেশিন ব্যবহার এবং প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কারখানার উৎপাদন পরিবেশ উন্নত না করা পর্যন্ত সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।
অভিযান চলাকালে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।