যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২
সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদ গোলচত্বরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাথরবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় ইউসুফ আলী (নাম) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সায়দাবাদ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন পাথরবোঝাই ট্রাকের চালক মুকুল ও তার সহকারী তালেব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহত ইউসুফ আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি সায়দাবাদ-কাঠালতলা এলাকায় বালু ওঠানো-নামানোর কাজে ট্রাকচালক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গের তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক যমুনা সেতু গোলচত্বর এলাকায় পৌঁছে সেতু পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটির নিচে কাজ করছিলেন চালক ইউসুফ আলী। ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।