বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, দুই দাঁত ভেঙেছে
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপস্থিতিতেই তার কক্ষে ঢুকে নাছিমা খাতুন (৩১) নামে এক নারী অফিস সহায়ককে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং তাকে বাঁচাতে এগিয়ে আসা দুই শিক্ষার্থীকেও লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের রায়েরছড়া সর্দারবাড়ি মডেল একাডেমিতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিধুলী ইউনিয়নের সর্দারবাড়ি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাছিমা খাতুন। তার বাবার সঙ্গে পাশের রায়েরছড়া গ্রামের মহসীন রেজা রঞ্জুর দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে নাছিমাকে কর্মস্থলে যেতে বাধা ও বিদ্যালয়ে হাজিরা না দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। দুই দিনের ছুটি শেষে বুধবার সকাল ৯টার দিকে নাছিমা বিদ্যালয়ে যান। সকাল ১০টার দিকে প্রধান শিক্ষকের কক্ষে বসে থাকা অবস্থায় মহসীন রেজা রঞ্জু, তার ছেলে নাঈম, স্ত্রী নুরুন্নাহারসহ শামীম ও আজমল সেখানে গিয়ে তাকে বিদ্যালয় ছাড়ার চাপ দেন। নাছিমা রাজি না হলে তাকে মারধর করা হয়। এতে তার ওপরের চোয়ালের বাম পাশের দুটি দাঁতের অর্ধেক ভেঙে যায়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাছিমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
হাসপাতালে চিকিৎসাধীন নাছিমা খাতুন বৃহস্পতিবার বিকেলে অভিযোগ করেন, ‘বাবার সঙ্গে বিরোধের জেরে রঞ্জুর ইন্ধনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আমার হাজিরা খাতা আলমারিতে তালাবদ্ধ করে আমাকে অনুপস্থিত দেখান। বুধবার প্রধান শিক্ষকের কক্ষে রঞ্জু ও তার লোকজন আমাকে মারধর করে দাঁত ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘বাইরের কয়েকজন এসে অফিস সহায়কের সঙ্গে তর্কে জড়ালে তাদের সরিয়ে দেওয়া হয়। নাছিমা নিয়মিত বিদ্যালয়ে না আসায় তাকে অনুপস্থিত দেখানো হয়েছে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। শ্যামগঞ্জ কালীবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।