,

শিরোনাম

খালেদা জিয়া সেজে বাবা আফছার উদ্দিন’র জন্য রামকৃষ্ণপুরে চেয়ারম্যান পদে ফরম কিনলেন মেয়ে

মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ত্যাগী ও নির্যাতিত নেতা মো: আফছার উদ্দিন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তিনি বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সংলগ্ন এবিসি মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামানের হাত থেকে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আফছার উদ্দিন।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফরম সংগ্রহের সময় তৈরি হয় এক আবেগঘন ও ব্যতিক্রমী পরিবেশ। আফছার উদ্দিনের একমাত্র মেয়ে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সাজে বাবার সঙ্গে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মুহূর্তকে স্মরণীয় করে তোলেন। এ সময় তাঁর নিজ গ্রামের কয়েকজন মুরুব্বিও সঙ্গে ছিলেন। মেয়ের এমন উপস্থিতি উপস্থিত ব্যক্তিদের মধ্যে আবেগের সৃষ্টি করে।

দলীয় সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আফছার উদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন প্রতিকূলতা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন বলেও তাঁর সমর্থকদের দাবি।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষার কারণে এলাকায় তাঁর একটি পরিচিতি রয়েছে।

তাঁর সমর্থকদের প্রত্যাশা, বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন। চেয়ারম্যান নির্বাচিত হলে রামকৃষ্ণপুর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে আফছার উদ্দিন দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জানান, দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং স্থানীয় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি বিশ্বাস করেন। দলীয় মনোনয়ন পেলে রামকৃষ্ণপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনকল্যাণে কাজ করতে চান তিনি।

এখন দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আফছার উদ্দিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়