,

শিরোনাম

আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপি নেতা আহমেদ শিকদারের  সংবাদ সম্মেলন

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘সিকদার ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আহমেদ সিকদার।

উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তালিকায় শীর্ষে নাম থাকা সত্ত্বেও চূড়ান্তভাবে ডিলারশিপ না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।।​শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমেদ সিকদার বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অতীতে উপজেলা ছাত্রদলের সভাপতি ও যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি জানান, সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র ও নিজস্ব গুদামসহ সব শর্ত পূরণ করে বুড়াইচ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন। উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় তাঁর নাম প্রথমে থাকলেও শেষ পর্যন্ত তাঁকে নিয়োগ দেওয়া হয়নি।

​অভিযোগ করে তিনি বলেন, তাঁর পরিবর্তে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত এক ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পর্যাপ্ত নিজস্ব গুদাম নেই দাবি করে আহমেদ সিকদার বলেন, ওই ডিলারের টিনশেড স্থাপনাটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে অবস্থিত, যা সার পরিবহন ও ওঠানামার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

​অন্যদিকে, নিজের দুইতলা ভবনের নিচতলা ও দোতলার অর্ধেক অংশ গুদাম হিসেবে ব্যবহারের উপযোগী এবং ভবনটি প্রধান সড়কের পাশে হওয়ায় সার সংরক্ষণ ও পরিবহনে ব্যাপক সুবিধা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সব ধরনের যোগ্যতা ও অবকাঠামো থাকা সত্ত্বেও বঞ্চিত হওয়ার বিষয়টি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধানের দাবি জানান এই বিএনপি নেতা।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক (সাধারণ সম্পাদক) আরব আলী, দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি ফারুক হোসেন কাজল, বিএনপি নেতা সুজনসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​এদিকে, বুড়াইচ ইউনিয়নে নিয়োগ পাওয়া সার ডিলার ‘ইনামুল এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. ইনামুল ইসলাম বলেন, আমি একজন প্রকৃত ব্যবসায়ী,  সরকারি বিধি মেনেই আমাকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

​এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, উপজেলা কমিটি যাচাই-বাছাই শেষে প্রতিটি ইউনিয়ন থেকে যোগ্য তিনজন আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। জেলা কমিটি পুনরায় যাচাই-বাছাই করে সেই তালিকা কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করে এবং সার ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকেই নেওয়া হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়