বিএনপির ৩৬ নারী প্রার্থীর মধ্যে ১৬ জনই কোটিপতি
সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে বিপুল সম্পদের চিত্র। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএনপির ৩৬ জন প্রার্থীর মধ্যে অন্তত ১৬ জন কোটিপতি যা মোট প্রার্থীর প্রায় ৪৪ শতাংশ।
হলফনামা অনুযায়ী, কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছেন শওকত আরা আক্তার, ফাহিমা নাসরিন, সুলতানা আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, ফেরদৌসী আহমেদ, শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিন্জ, সানজিদা ইসলাম, মোছা. সাবিরা সুলতানা, মাহমুদা হাবীবা, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা অরলী, রাশেদা বেগম হিরা, শিরীন সুলতানা এবং সেলিমা রহমান। তাদের মধ্যে কয়েকজনের সম্পদের পরিমাণ দুই থেকে ছয় কোটি টাকার মধ্যে।
অন্যদিকে, জামায়াত জোটের ১২ জন প্রার্থীর মধ্যে কোটিপতি রয়েছেন মাত্র একজন তিনি সাবিকুন্নাহার মুন্নী। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা এবং বার্ষিক আয় প্রায় ১৬ লাখ টাকা। তিনি পেশায় আইনজীবী।
এছাড়া, উভয় জোটেই এমন কয়েকজন প্রার্থী রয়েছেন, যাদের সম্পদ ৫০ লাখ টাকার বেশি। বিএনপি জোটে নাদিয়া পাঠান পাপন, রেজেকা সুলতানা, মমতাজ আলো, ফাহমিদা হক, সানসিলা জেবরিন, জীবা আমিনা খান, সাকিলা ফারজানা ও বিলকিস ইসলাম এই তালিকায় আছেন। জামায়াত জোটে মারজিয়া বেগম ও তাসমিয়া প্রধানের সম্পদও ৫০ লাখ টাকার বেশি।
স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের সাড়ে ৫ লাখ টাকা বার্ষিক আয় আর সম্পদ সাড়ে ২৮ লাখ টাকার।
হলফনামা বিশ্লেষণে আরো দেখা গেছে, অধিকাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত। তবে কয়েকজন নিজেদের স্বল্প শিক্ষিত হিসেবেও উল্লেখ করেছেন।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।