আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬” উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল— “ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জুবায়ের হাবিব সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতিকুর রহমান উপস্থিত থেকে সিলিন্ডার বা গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প চলাকালীন ও পরবর্তী সময়ে কীভাবে আত্মরক্ষা ও উদ্ধারকাজ চালাতে হয়, সে বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী ও দিকনির্দেশনা প্রদান করেন।
পুরো কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল কুমার মালাকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সেহেল রানা (অবসরপ্রাপ্ত বিডিআর), শিক্ষক মণ্ডলী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।