,

শিরোনাম

চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: প্রধানমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দলের সব সংসদ সদস্যকে শৃঙ্খলা মেনে চলার এবং সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজায় পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) সরকারদলীয় সংসদীয় কমিটির সভা শেষে জাতীয় সংসদ ভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব তথ্য জানান সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

চিফ হুইপ বলেন, “কোনো চাঁদাবাজ বা দখলদারকে ছাড় দেওয়া হবে না। তাদের স্থান বিএনপিতে নেই। এদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন।” সংসদ সদস্যদের সুশৃঙ্খল আচরণের ওপর জোর দিয়ে তিনি জানান, পহেলা দুর্গাপূজায় কোথাও যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সব এমপিকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে নুরুল ইসলাম মনি জানান, সরকার একটি উৎসবমুখর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও তৃণমূলের ঐক্য বজায় রাখতে প্রতি ইউনিয়নে দলের একক প্রার্থী নিশ্চিত করবে বিএনপি। নির্বাচনের তারিখ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচন কমিশন ভোটের তারিখ চূড়ান্ত করবে।

ভারতে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে চিফ হুইপ মন্তব্য করেন, “শেখ হাসিনা কাল সকালেও ফিরতে পারেন, এ নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। তিনি দেশে ফিরলেই প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” একই সাথে আগামী নভেম্বর মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন আহ্বান করা হবে বলেও জানান চিফ হুইপ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়