,

শিরোনাম

কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ, প্রতারিত হচ্ছেন রোগীরা

খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর হাসপাতালের  চিকিৎসক ডা: মো: আব্দুস সালামের বিরুদ্ধে বিএমডিসি অননুমোদিত  এমডি কার্ডিওলজি ( যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের কথিত ‘Helstone University’ থেকে নেয়া ওই ডিগ্রির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে কুড়িগ্রামের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ডিগ্রীটির বৈধতা এবং রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগের বিষয়ে প্রকৃত তথ্য বেরিয়ে আসতে পারে।

অভিযোগের  আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত চিকিৎসক যুক্তরাজ্যের ‘Helstone University’ থেকে অনলাইনে অর্থের বিনিময়ে ডিগ্রির সনদ সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সমর্থনে  সংশ্লিষ্ট সনদের অনুলিপিও যুক্ত করা হয়েছে। 

অভিযোগপত্রে আরও দাবি করা হয়, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রে অনুসন্ধান করে ‘Helstone University’ নামে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির পরিচয় ও সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারী এটিকে অনলাইনভিত্তিক সনদ বিক্রির প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, এমন সনদ ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচিতি নেওয়া হলে রোগীরা বিভ্রান্ত এবং চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে অনলাইনে নেয়া এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রীটিকে  বিএমডিসি অনুমোদনহীন ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয় এবং সংশ্লিষ্ট চিকিৎসককে না লেখার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। কিন্তু তারপরও উক্ত নির্দেশনা অমান্য করে ভুয়া ডিগ্রী ব্যাবহার করে রোগীদের সাথে প্রতারণা অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

চিকিৎসা একটি সংবেদনশীল পেশা। বিশেষ করে হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ ডিগ্রি ও পেশাগত যোগ্যতার যথার্থতা রোগীদের আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই অভিযোগটির নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট সনদের সত্যতা, প্রতিষ্ঠানটির স্বীকৃতি এবং অভিযুক্ত চিকিৎসকের ডিগ্রী ব্যবহারের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছে স্থানীয়রা।

অভিযুক্ত চিকিৎসক মো. আবদুস সালাম জানান, “ইউকে থেকে এমডি কার্ডিওলজি  ডিগ্রী অর্জন করেছি। হাজারো ছাত্র-ছাত্রী সেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে ডাক্তারী করছেন। আমি করতে সমস্যা কোথায়?  সিভিল সার্জন আমাকে যখন পত্র দিয়েছিলেন, তখন আমার সার্টিফিকেট ছিল না। এখন আমার সার্টিফিকেট আছে। আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে বিএমডিসি পদক্ষেপ নিবে। এটা নিয়ে কাঁদা ছোড়াছুঁড়ির কি আছে? কুড়িগ্রামের অনেক ডাক্তার আছে যারা ডিগ্রী না নিয়েও নামের পাশে ডিগ্রী যুক্ত করেছেন।” 

এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বলেন, “তদন্তের মাধ্যমে আমরা ডা. সালামকে একটি পত্র দিয়েছি। বিএমডিসির নিয়ম মেনে ডিগ্রী ব্যবহার করতে পারবেন। এই মহুর্তে ডা. সালাম এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রী ব্যবহার করতে পারেন কি না-এমন প্রশ্নে সিভিল সার্জন আরো বলেন, ” যতক্ষণ বিএমডিসি অনুমতি না দেয় ততক্ষণ এমডি কার্ডিওলজি ( যুক্তরাজ্য) ডিগ্রী ব্যবহার করার সুযোগ নেই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়