শহরের জনস্বাস্থ্য প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রীর
সংবাদের আলো ডেস্ক: বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি)’ দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ বুধবার (৭ অক্টোবর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ক্রিস্টোফ লেমিয়ের। এ সময় স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের পরামর্শকদের সঙ্গে প্রকল্পটির সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। প্রকল্পটির আওতায় মশক ও বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ, হাসপাতালবহির্ভূত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দাবদাহ, বায়ু ও শব্দদূষণসহ জলবায়ু পরিবর্তনের কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট প্রভাব মোকাবিলায় কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগ কৌশলের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং অসংক্রামক রোগ কমাতে প্রয়োজনীয় সুবিধা তৈরির ওপরও প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ঢাকার পার্শ্ববর্তী সাভার ও তারাব পৌরসভা প্রকল্পটির আওতাভুক্ত।
প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দ্রুত বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
একই সঙ্গে নগরের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক দুটি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ নিতে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।