রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাটুরিয়ায় যুবদল নেতার গুদাম থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডিবি পুলিশের অভিযানে বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডাকাতি হওয়া প্রায় ১৪ টন লোহার রড উদ্ধার করেছে পুলিশ। 

অভিযান চলাকালীন সময়ে অভিযুক্ত জয়নাল আবেদীন কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা ধরণের অভিযোগ রয়েছে।

জয়নাল আবেদীন উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামের ইউনুস আলীর ছেলে ও বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। যেখানে বিপুল পরিমাণ লোহার রড লুটে নেয় ডাকাত দল। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয় যে, লুণ্ঠিত মালামাল সাটুরিয়া উপজেলার ছনকা বাজারে জয়নাল আবেদীনের ব্যবসা প্রতিষ্ঠানে মজুত রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশ উপজেলার ছনকা বাজারে জান্নাত এন্ড খাদিজা এন্টারপ্রাইজ নামের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই রড জব্দ করে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুবদল নেতার এমন কর্মকাণ্ডে স্থানীয় ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও যুবদল নেতাদের হাত রয়েছে বলে ধারণা এলাকাবাসীর।

ঘটনার পর থেকে জয়নাল আবেদীনের মুঠোফোনটি বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান উদ্দিন মল্লিক বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায়ভার দল নেবে না। সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা বলেন, জয়নালের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনায় সম্পৃক্ততা প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খাঁন মজলিশ মাখন বলেন, আমাদের নেতা প্রধান মন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রাথমিক সত্যতা পাওয়ামাত্রই অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কালিয়াকৈর থানায় করা ডাকাতি মামলার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত রড কালিয়াকৈর থানার পুলিশি হেফাজতে রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়