,

শিরোনাম

বেলকুচিতে মধ্যরাতে বাঁশকল পরিদর্শনে পুলিশ সুপার, বাঁশি ও টর্চলাইট বিতরণ 

উজ্জ্বল অধিকারী: চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জের বেলকুচির বিভিন্ন স্থানে বাঁশকল (বাঁশের ব্যারিকেড ও চেকিং পয়েন্ট) স্থাপন করেছে জেলা পুলিশ। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে বেলকুচি থানা এলাকার ৪ স্থানে সরেজমিনে পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি বাঁশকলের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের মধ্যে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন। 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, বেলকুচি সার্কেল শহিদুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামানসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও বাঁশকলের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগন। 

বাঁশকল পরিদর্শনকালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা, নিরাপত্তাব্যবস্থা এবং দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

তিনি বলেন, জেলার বিভিন্ন থানা এলাকায় গরু চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বাঁশকল স্থাপন করা হয়েছে। এসব বাঁশকলের মাধ্যমে রাতের বেলায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী তল্লাশির মাধ্যমে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ২৫০টি বাঁশকল স্থাপন করা হয়েছে। এর মধ্যে বেলকুচি উপজেলায় রয়েছে ১৪টি বাঁশকল। এসব বাঁশকলে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

পরিদর্শনকালে পুলিশ সুপার বাঁশকলের দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাতের দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন, পারস্পরিক সমন্বয় বজায় রাখা ও সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনের সময় সদস্যদের নিরাপত্তা এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তাঁদের হাতে টর্চলাইট ও বাঁশি তুলে দেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়