দুর্গাপুরে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভি’যোগে ইউপি সচিব পলা’তক, গ্রে’প্তা’র ২
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সরকারি তহবিল থেকে প্রায় ৫৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এসব টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে।
অভিযোগ প্রকাশের পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ রেখে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে । এ ঘটনায় টাকা উত্তোলনে জড়িত দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দ করা মানবিক সহায়তার ২৬ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা। এ ঘটনায় গত ২৪ নভেম্বর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই রাতেই মো. উসমান গনি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে হাওর ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়ার জন্য ২০২৬ সালের জুলাই মাসে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাবে এ টাকা জমা হয়। আগের জমা অর্থসহ ওই হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা ছিল।
সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই উত্তোলন করে সচিব মো. রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অসুস্থতার অজুহাতে তিনি বারবার সময়ক্ষেপণ করতে থাকেন। দুই দফা টাকা বিতরণের তারিখ নির্ধারণ করা হলেও তিনি উপস্থিত হননি। সর্বশেষ ২৬ নভেম্বর টাকা বিতরণের দিন ধার্য করা হয়। এরই মধ্যে গত ২২ নভেম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে বিপাকে পড়েন প্রশাসক। মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বাড়িতেও খোঁজ মেলেনি তার।
পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে গত ২৪ নভেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গিয়ে যৌথ হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করেন প্রশাসক। সেখানে দেখা যায় কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ করা হিসাবে মাত্র ২ হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে।
প্রশাসক ফজলুর রহমানের অভিযোগ, তার ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে ২৬টি চেকের মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেছেন সচিব। অথচ ওই অর্থ কোনো সুবিধাভোগী কৃষককে দেওয়া হয়নি।
তিনি আরও জানান, কৃষকদের মানবিক সহায়তার টাকার পাশাপাশি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের টাকাও একই কায়দায় উত্তোলনের অভিযোগ উঠেছে। সোনালী ব্যাংকের ওই তহবিলের যৌথ হিসাবে আগের স্থিতি ও বিভিন্ন সরকারি বরাদ্দসহ মোট ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা জমা ছিল। তার স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে বিভিন্ন সময়ে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুই ব্যাংক হিসাব থেকে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় লিখিত অভিযোগে ইউপি সচিব মো. রুয়েলুজ্জামান (৪৫), মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) এবং রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত জানান, ব্যাংকের যৌথ হিসাবের স্টেটমেন্ট পর্যালোচনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ করা হয়েছে। টাকা উত্তোলনের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ ও যৌথ ব্যাংক হিসাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। যেহেতু অর্থগুলো মানবিক সহায়তার জন্য বরাদ্দ তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রকৃত উপকারভোগীদের জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।