,

শিরোনাম

মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বেলকুচিতে এনসিপির বিক্ষোভ

উজ্জ্বল অধিকারী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এনসিপির নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে বেলকুচির আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে মাহিন সরকার ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আজিজ, বেলকুচি উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ওমর ফারুক তালুকদার, জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মুসা হাসেমসহ বেলকুচি উপজেলা এনসিপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা এ ঘটনার দ্রুত বিচার এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়