রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, আটক ৪ কিশোর
সংবাদের আলো ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলনের ভাতিজা আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কলেজের মূল ফটকের সামনের সড়কে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ২৫ জনকে পালানোর চেষ্টা করতে দেখে পুলিশ। পরে পুরোনো সোনালী ব্যাংকের মোড় থেকে চারজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মো. রাকিবুজ্জামান রাকিব (২০), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার মো. আসয়োত মুবিন স্বরূপ (১৯), গঙ্গাচড়ার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় (২১) এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার মো. নাহিদ হোসেন (২০)।
পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে লাল রঙের গাম টেপে মোড়ানো বিস্ফোরিত ককটেলের তিনটি ছেঁড়া অংশ উদ্ধার করে পুলিশ। সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো জব্দ করা হয়। পুলিশের দাবি, পালানোর কারণ জানতে চাইলে আটক ব্যক্তিরা সন্তোষজনক জবাব দিতে পারেননি।
শাহরিয়ার হৃদয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিটনের ছেলে। এদিকে, রংপুর জেলা ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দাবি করেছেন, হৃদয় ও নাহিদ হোসেনের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।