ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ফতুল্লায় মাদ্রাসায় আগুনে সব রোগীর সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করে দেয়া হয়েছে। চিকিৎসার জন্য ২টি মেডিকেল বোর্ড করা হয়েছে। আশা করি, সন্ধ্যার আগে আরও ৩০ জনকে ছাড়পত্র দেয়া হবে।
ড. এম এ মুহিত আরও বলেন, এমন ঘটনা থেকে বাঁচতে আরও সচেতনতার দরকার। সামনে বার্ন চিকিৎসা সারা দেশে বিকেন্দ্রীকরণ করা হবে।
ফতুল্লায় ওই মাদ্রাসায় সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ফলে ধোঁয়ায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জামিয়া আশরাফিয়া মাদ্রাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত মাদ্রাসাটি। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখান থেকেই অসুস্থ হয়ে পড়েন সবাই।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।