সিরাজগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে পৃথক দুটি মাদক মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই কারাদন্ড প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাসচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন।
তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সাগর শেখের ছেলে আলম শেখ ও মুন্সিগঞ্জ জেলার উত্তর কাজী কসবা গ্রামের মৃত হাতেম কাজীর ছেলে কাজী দিপু ও মালির পাথর গ্রামের মৃত আব্দুল জয়নালের ছেলে সম্রাজ।
মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারী সকালে র্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায়। এসময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ২৬৬ বোতল ফেন্সিডিলসহ গাড়ি চালক কাজী দিপু ও তার সহযোগি সম্রাজকে আটক করে র্যাব সদস্যরা।
এঘটনায় র্যাবের ডিএডি মোহাম্মদ আবু হানিফ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ কাজী দিপু ও তার সহযোগি সম্রাজকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত। অপর দিকে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ।
সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার পুঠিয়াবাড়ি আনারস ঘাট এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ২৭ গ্রাম হেরোইন ও ত্রিশ পুড়িয়া গাজা সহ আলম শেখকে আটক করে পুলিশ। এই ঘটনায় শহরের ২নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় আজ আলম শেখকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।