,

শিরোনাম

কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না – প্রতিমন্ত্রী আমিনুল হক  

নওগাঁ প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যারা স্বপ্ন দেখছেন আপনাদের ওই স্বৈরাচার নেত্রী দেশে আসবে, আপনারা এখনও বোকার রাজ্যে বাস করছেন। আপনাদের নেত্রী আপনাদেরকে রেখে পালিয়ে গেছে, তার আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না। কারণ আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্মা দেখতে চাই না, কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, এই সমাজকে সুশৃংখল ও মাদকমুক্ত রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। কাজেই আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে চাই। এবং এই খেলাধুলার মধ্য দিয়ে আমরা আগামীতে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 

অভিভাবক ও যুবকদের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি পরিবারের বেড়ে ওঠা সন্তানরা চায় পড়াশোনা করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ সরকারি চাকরিজীবী হবে। কিন্তু খেলোয়াড় হবে সেটা কিন্তু আসলে খুব কম পরিবারেই চিন্তা করে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান চিন্তা করেছেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে কিভাবে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা যায়। 

প্রতিমন্ত্রী আরও বলেন, সবাই জানেন যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে পেশাদার খেলোয়াড়দের সরকারিভাবে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে। এবং এখন পর্যন্ত তিনশ জন খেলোয়াড়কে সরকারিভাবে ক্রীড়া ভাতা প্রদান করছে এবং এটা চলমান রয়েছে। কাজেই আমরা আগামী প্রজন্মের কাছে বার্তা দিতে চাই খেলোয়াড়রা যেন ক্রীড়াজীবন শেষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়েন, সেজন্য তাদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে। 

তৃণমূলের মেধা ও প্রতিভাকে তুলে আনার প্রক্রিয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার ও দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। 

রাজনীতির প্রসঙ্গে আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি। দীর্ঘ এই পথ চলায় আমাদের বহু নেতা কর্মীরা গুম হয়েছে, হত্যা করা হয়েছে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। হাজার হাজার জনতার রক্তের বিনিময়ে যখন একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে, প্রধানমন্ত্রী যখন বলেছেন সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। এবং তিনি যখন চেষ্টা করছেন দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার, ঠিক তখনই সেই স্বৈরাচারের কিছু প্রেতাত্মা, কিছু স্বৈরাচার তারা এখনও এই সমাজের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে।

আওয়ামীলীগকে উদ্দেশ্যে করে প্রতিমন্ত্রী উপস্থিত জনগণকে বলেন, আমি আপনাদের কাছে আহ্বান করবো, আমাদের পুলিশ প্রশাসনের কাছে আহ্বান করবো-আমাদের সকলকেই সতর্ক থেকে ওই স্বৈরাচারদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্মা দেখতে চাই না, কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না।

তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ওই যে স্বৈরাচার নেত্রী তিনি আসবেন এই কথা আপনারা শুনে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন, আপনারা বোকার রাজ্যে বাস করছেন। আপনাদের নেত্রী আপনাদেরকে রেখে পালিয়ে গেছে, সে আর বাংলাদেশে আসার কোনো সুযোগ পাবেনা। বাংলাদেশের জনগণ তাকে আর কখনোই মেনে নেবে না। আপনারা হয়তোবা আপনাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই সমাজে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করছেন। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই আমরা কোনো অন্যায়কে কোনো ভাবেই প্রশ্রয় দিবো না। আমরা এই সমাজকে নতুনভাবে গড়ে তুলতে চাই যে সমাজ ব্যবস্থাপনায় আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো। 

প্রধান অতিথি বলেন, নওগাঁর সাথে আমার পথ চলাটা সেই ১৯৯৪ সাল থেকে। এই নওগাঁ মাঠে এসে আমি সেদিন ইনজুরিতে আক্রান্ত হয়ে হসপিটালে আমাকে প্রায় সাত ঘন্টা অজ্ঞান থাকতে হয়েছিল। কাজেই আমাদের এমপি ও ডিসি মহোদয় যে দাবিগুলো আমার কাছে করেছে, আমি সেগুলো পালন করার চেষ্টা করবো। ইতিমধ্যে শুরু করেছি।

তিনি বলেন, আমরা নওগাঁ জেলা স্টেডিয়ামের এক পাশে গ্যালারি দেখতে পাচ্ছি, আর অর্ধেকের বেশি জায়গাতেই গ্যালারি নেই। কাজেই সবার আগে আমরা এই নওগাঁ জেলা স্টেডিয়ামে প্যাভিলিয়ন গ্যালারি তৈরি করে ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করবো। শুধু নওগাঁ না, সারা বাংলাদেশের প্রায় ৫১টি জেলাতে জেলা স্টেডিয়াম আধুনিকায়ন সংস্কার সহ ক্রীড়া অবকাঠামো তৈরি করছি। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের ভিতরে আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা শেষ করতে পারবো। 

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতমধ্যে বলেছেন আমাদের ৪ হাজার ৫৯৯ টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। সেই লক্ষ্য নিয়ে ইতমধ্যে আমাদের ৩৭ টি জেলা থেকে প্রায় ৫৩৫ টি ইউনিয়ন ভিত্তিক মাঠের তথ্য আমাদের কাছে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার ইউনিয়নের মাঠের তথ্য সংগ্রহ করার। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা সেই মাঠগুলোর তথ্য সংগ্রহ করে দ্রুত খেলাধুলা শুরু করে দিতে চাই।

পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা প্রশাসক আন্তঃউপজেলা এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়া জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় ও নওগাঁর সন্তান উজ্জ্বল চর্ক্রবর্ত্তীকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামে সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক। এসময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে হারিয়ে রানীনগর উপজেলা বিজয়ী হয়। এদিকে রাণীনগর উপজেলা টিম বিজয়ী হওয়ায় ইউএনও রাকিবুল হাসান ও টিম ম্যানেজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজ-বা-উল হক লিটন উপজেলাবাসী ও খেলোয়াড়দের প্রতি ধন্যবাদ জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়