আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
আলমগীর কবির,(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো,: জোবায়ের হাবিব এর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ অক্টোবর)সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে জানানো হয়, নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার হিসেবে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় আজ ১২ অক্টোবর ২০২৬ থেকে দেশব্যাপী একযোগে খানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ৬৬,৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬,৬৮১ জন সুপারভাইজারের মাধ্যমে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের সাহায্যে প্রায় ৪.৪৫ কোটি পরিবারের তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত করা হবে। প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে ৮০-৮৬০ নম্বর প্রাপ্ত (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কোয়াইন্টালভুক্ত) নারী পরিবার প্রধানগণ এ ভাতার যোগ্য বিবেচিত হবেন।
২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে নতুন ৪০ লক্ষ নারী পরিবার প্রধানকে ভাতা দেওয়া হবে। প্রদেয় ফ্যামিলি কার্ডটি ডুয়াল চিপ, কিউআর কোড ও এনএফসি সুবিধাসম্বলিত হবে, যা ‘TakaPay’ পেমেন্ট স্কিমের মাধ্যমে এটিএম, পিওএস ও এমএফএসের মাধ্যমে সরাসরি ভাতা উত্তোলনে ব্যবহার করা যাবে। পরবর্তী ৩ অর্থবছরের মধ্যে দেশের সব যোগ্য নারী পরিবার প্রধানকে এ ভাতার আওতায় আনা হবে।
এ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি একেএম রায়হানূর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন সহ আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং ৬ টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় নিয়োগ কৃত গণনাকারী ও সুপার ভাইজার বৃন্দ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।