,

শিরোনাম

‘উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী, ৬ জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন’

সংবাদের আলো ডেস্ক: জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনীকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে নিশ্চিত করা হবে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারও। এছাড়া, আগামী ৬ জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে ২৬ মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইসির এই সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে কর্মপরিকল্পনা জানিয়েছিলাম সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সংসদ নির্বাচনের মতোই আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনে করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনের ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬ জুনের আগে শেষ করার বিষয়ে বৈঠকে সবাই সম্মত হয়েছেন। আমরা প্রাথমিক যে তারিখ দিয়েছিলাম সেটি সম্ভাব্য সময় ছিল।

নভেম্বর থেকে নির্বাচন শুরু হচ্ছে কিনা-জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা চলবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা ফাঁকা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রোজা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষাগুলো। এই আঁটসাঁট সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করা যায়, তা নিয়ে কাজ করছে কমিশন।

তিনি বলেন, আজকের বৈঠক থেকে যে তথ্য-উপাত্ত পেয়েছি তা নিয়ে কমিশন সভায় আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর ৬ জুনের আগে শেষ করতে হবে। এজন্য যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে এমনটা জানিয়েছেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আজকের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে দু’টি এজেন্ডা ছিল- জাতীয় সংসদের একটি বাই-ইলেকশন (উপনির্বাচন) এবং স্থানীয় সরকার নির্বাচন। বৈঠকে নির্বাচন ঘিরে কমিশনের ঘোষিত খসড়া নিয়ে মতামত নেয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও সেসব প্রযুক্তি ব্যবহার করা হবে।

পরীক্ষাসহ বিভিন্ন বিষয়কে মাথায় আগামী বছরের জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর ৬ জুন এইচএসসি পরীক্ষার আগে শেষ করতে হবে। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় শিক্ষাসহ বেশকিছু বিষয়ের কথা এসেছে। বিশেষ করে বন্যার কারণে শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখিন হয়েছে, তারা এখনো সেটি কাটিয়ে উঠার চেষ্টা করছে। আর নির্বাচনি কাজে প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ের জন্য একজন শিক্ষককে আমাদের অন্তত এক সপ্তাহের জন্য প্রয়োজন। এসব বিষয় মাথায় রেখে জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে বাজেট পরিকল্পনাসহ বেশকিছু কাজ রয়েছে। এজন্য অতি শিগগির আরও এক-দু’টি সভা অনুষ্ঠিত হবে। এসব বিষয় সম্পন্ন করে আমরা যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়