সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, প্রিন্সিপাল গ্রেফতার
সংবাদের আলো ডেস্ক: ঢাকার সাভারের তেঁতুলঝোড়া শাহী মসজিদ এলাকায় শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৭৩) দায়ের করা হয়।
মামলার পরপরই রাতে পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে অভিযুক্ত মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়।
এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর অভিযোগ এবং প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।