আমরা দিনের ভোটে নির্বাচিত, তাই আমাদের গলায় শক্তি বেশি : জি কে গউস
সংবাদের আলো ডেস্ক: জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউস বলেছেন, আমরা দিনের ভোটে নির্বাচিত। আমরা রাতের ভোটে কিংবা প্রশাসনের ভোটে নির্বাচিত না। তাই আমাদের গলায় শক্তি বেশি। কারণ আগে যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল তাদের গলায় শক্তি ছিল না। তারা বেশি গলাবাজি করলে এসপিরা বলতো এত লাফান কেন। পুলিশ আগের রাতেই ভোট দিয়ে দিছে। এটাই সত্য।
তিনি বলেন, বর্তমান সময়ের ডিসি-এসপি বলতে পারবে না যে দুইটা ভোটও কাউকে দিসে। সেটা বাংলাদেশের কোনোও অফিসার বলতে পারবে না। কারণ যে ভোট গ্রহণ হয়েছে সেটা শান্তিপূর্ণ হয়েছে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়েছে। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ধানের শীষ সর্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করবো। ছাত্রজীবনে কে কোন দল করেছেন সেটা বিবেচনা করলে কাজ কেমনে করবো। সুতরাং আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ গড়তে সবাই মিলে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জি কে গউস এসব কথা বলেন।
তিনি বলেন, এসপি মহোদয়ের মাধ্যমে ওসিদের বলতে চাই, গায়েবি মামলা, ভূতুড়ে মামলা, ঘটনার সাথে সম্পৃক্ত না, বিএনপি যেগুলো ফেইস করেছে এগুলো যাতে এখন না হয় এটা মাথায় রাখবেন। তবে কোনো আসামি যাতে বুক ফুলিয়ে হাঁটতে না পারে সেই দিকেও নজর রাখবেন ।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।