শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদের আলো ডেস্ক: একদিনের সরকারি সফরে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।  

সফরসূচি অনুযায়ী, কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন তিনি। সেখানে একটি সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকালে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করে মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, এরপর পেকুয়া উপজেলায় ২৪‘র জুলাই বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, তারপর নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান।

এরপর মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন এবং সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন প্রধানমন্ত্রী। এরপর ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। 
 
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যগরিষ্ঠতা অর্জন করলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে কক্সবাজারে তারেক রহমানের এটি প্রথম সফর। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়