ইসলামী ব্যাংকে কোনো অনিয়মতান্ত্রিক হস্তক্ষেপ করিনি: গভর্নর
সংবাদের আলো ডেস্ক: ইসলামি ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করছে না এবং ব্যাংকটির কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক কোনো অনিয়মতান্ত্রিক হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইসলামি ব্যাংকে ৫ সদস্যের একটি বোর্ড ছিল। ওই বোর্ডের একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। এর বাইরে বাংলাদেশ ব্যাংক কারও বদলি বা পদোন্নতির বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে যে ইসলামি ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করছে। কিন্তু বাস্তবে এমন কিছু হয়নি।
তিনি বলেন, ঈদের আগের দিন সকাল থেকে ইসলামি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান শুরু হয়। পরে বিকেলে তিনি পদত্যাগ করেন। এরপর পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই ব্যাংকটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব আইন ও বিধিমালা রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো প্রয়োগ করা হবে।
মো. মোস্তাকুর রহমান বলেন, আমার মনে হয় না যারা আমানতকারী, তাদের কোনো সমস্যা হবে। আমানতকারীরা যেকোনো সময় তাদের টাকা তুলতে পারবেন। ইসলামি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে জরুরি তারল্য সহায়তা (ইমারজেন্সি লিকুইডিটি) চেয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সেই সহায়তা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন— অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।