১৮ মাস পর পাবনা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: দীর্ঘ ১৮ মাস পর পাবনায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেলা শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর পাবনা জেলা কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী একত্রিত হন। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামের নেতৃত্বে তারা একটি লাঠির সহায়তায় জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন। তবে কার্যালয়ের মূল ফটক বন্ধই ছিল। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ান। বিভিন্ন মামলায় গ্রেফতারের আশঙ্কায় অনেকেই আত্মগোপনে চলে যান। সেই সময় থেকে জেলা কার্যালয় তালাবদ্ধ রয়েছে এবং দলীয় কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
পতাকা উত্তোলনের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান, পৌর আওয়ামী লীগের নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ এবং ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভা। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।