সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু
সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে সদিয়া চাঁদপুর ইউনিয়নের ১নং বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বেতিল কমিউনিটি ক্লিনিক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে একটি অসহায় পরিবারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য হলো দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা। পরিবারের সামগ্রিক আর্থসামাজিক অবস্থা যাচাই করে প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবারের মা অথবা নারীপ্রধানের নামে এ কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ফলে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাশেম, যুবদলের আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ হাসান জহিরুল, শ্রমিক নেতা সেলিম রেজা, কৃষক দলের নেতা ফরহাদ হোসেন, খামারগ্রাম ওয়ার্ড বিএনপির নেতা শাহ আলম, বেতিল বিএনপির নেতা জামাত আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় পর্যায়ে সরকারি এ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত যোগ্য পরিবারগুলো সরকারি সামাজিক সুরক্ষা সুবিধার আওতায় আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।