উলিপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, উলিপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান মণ্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মাহফুজুর রহমান, প্রশিক্ষিত সফল আত্মকর্মী শারমিন আক্তার ও মো. ফজলুল করিম এবং রেড সান স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সংগঠক মো. আব্দুল্লাহ নূর ফারুক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে যুবসমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা, সামাজিক উন্নয়ন এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পরে সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]