,

শিরোনাম

টেকনাফে মানবপাচারকারীদের গু’লিতে সেনাসদস্য নি’হ’ত

সংবাদের আলো ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের জিম্মিদশা থেকে রোহিঙ্গা ও বাঙালি নাগরিকদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ গুলিবিনিয়মের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর এক বীর সদস্য নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জন মানবপাচারকারীকে আটক এবং জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে—এমন গোপন গোয়েন্দা তথ্য পায় যৌথ বাহিনী। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল আনুমানিক বিকেল ৫টার দিকে রঙ্গীখালীর গহীন পাহাড়ে আস্তানায় পৌঁছায়।

এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও পাল্টা জবাব দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। গুলিবিনিয়মের একপর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ সদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। 

অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শহীদ সেনাসদস্য মো. তিতাস শেখের দেশের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে।

অভিযান শেষে ঘটনাস্থল তল্লাশি করে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক এবং ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন নাগরিককে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয় যৌথ বাহিনী। দেশমাতৃকার সেবায় ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের বীরত্বপূর্ণ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি সেনাসদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়