,

শিরোনাম

শেরপুর সরকারি কলেজে তিন বিষয়ে স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ, চালু হচ্ছে তিন বিভাগের মাস্টার্স কোর্স

শেরপুর প্রতিনিধি: শেরপুর সরকারি কলেজে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ইসলামি শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইংরেজি এই তিন বিষয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তির সুযোগ সৃষ্টির পাশাপাশি মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক। 

এছাড়া শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭০৮-১৬৩ নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়/বিভাগ/কোড-৫১০১/১৫৬৪৩ তালিকাভুক্তির সূত্রে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এই অর্জনের পেছনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হযরত আলীর আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করা হয় ওই অভিনন্দন বার্তায়। 

কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন বিষয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হওয়ায় শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলের পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবেন। এতে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এবিষয়ে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হযরত আলী জানান, “শেরপুর সরকারি কলেজে তিনটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর উদ্যোগটি জেলার উচ্চশিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা জেনেছি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য নানা ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছিল। তাই স্থানীয় পর্যায়ে স্নাতকোত্তর শিক্ষার সুযোগ সম্প্রসারিত হওয়ায় শিক্ষার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে। বিশেষ করে জামালপুরসহ পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরা এতে উপকৃত হবেন। শিক্ষার মানোন্নয়ন, নতুন শিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শেরপুর সরকারি কলেজের পাশে থেকে কাজ করতে চাই। তাই এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, শিক্ষা জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। শেরপুর সরকারি কলেজে ইসলামী শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইংরেজি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর উদ্যোগ এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমাদের শিক্ষার্থীরা যেন নিজ এলাকায় মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শেরপুরের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ও একাডেমিক অগ্রগতিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়