আলফাডাঙ্গায় ইছাপাশা মাদ্রাসায় দিনব্যাপী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে ফরিদপুরের আলফাডাঙ্গায় ইছাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের মহাতামিম মুফতি আব্দুল্লাহ্ আল মামুন ও পরিচালনা কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার জয়নগর কলেজের সহকারী অধ্যাপক ও সংশ্লিষ্ট মাদ্রাসার সেক্রেটারি গোলাম মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সুমন রায়। তিনি কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধসহ নানা স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে—“সন্তানদের তোমরা আদব শেখাও ও উত্তম দীক্ষা দাও”—হাদিসের এই অমিয় বাণী স্মরণ করিয়ে দিয়ে উপস্থিত অভিভাবকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে অতিথিরা বলেন, “একটি শিশুর সঠিক বিকাশে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; পরিবার ও অভিভাবকদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সন্তানদের সৎ, আদব-কায়দা সম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। তিনি তাঁর বক্তব্যে মাদ্রাসার শিক্ষার পরিবেশ বৃদ্ধি ও এতিমখানার সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সমাবেশে স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি, সুধীবৃন্দ, মাদ্রাসার শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।