,

শিরোনাম

আলফাডাঙ্গায় ৪৩টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা: আনসার-ভিডিপি সদস্যদের নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত

​আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ​সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বছর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

​মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে আজ (১৫ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে  আয়োজিত এ সমাবেশে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের উপস্থিতিতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান এবং আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল সারোয়ার।

​সমাবেশে পূজামণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সতর্ক করে দেন যে, দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। পাশাপাশি তারা আইনশৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত সদস্যদের করণীয় ও দায়িত্ব পালনকালে অবলম্বনযোগ্য বিভিন্ন সতর্কতামূলক বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

​সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন ও টিআই অর্পনা রানী ঘোষ উপস্থিত ছিলেন।

​উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪৩টি পূজা মণ্ডপের মধ্যে ৬টিকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) এবং ৩৭টিকে ‘গুরুত্বপূর্ণ ও সাধারণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় মোট ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

​আগামী ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৮ দিনব্যাপী এ পূজা উদযাপিত হবে। পূজা শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি মণ্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়