কালীগঞ্জে মৃতদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত এবং অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় ইন্তেকাল করা নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যা ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন। তিনি বলেন, “আমাদের দল ও এলাকার যেসব প্রবীণ এবং ত্যাগী নেতাকর্মী ইন্তেকাল করেছেন, তাঁদের অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। পাশাপাশি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি। দুঃসময়ে ও সুসময়ে মানুষের পাশে থাকা এবং একে অপরের সুখ-দুঃখে অংশীদার হওয়াই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের দোয়া ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক গোলচার হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম মাস্টার, যুবদলের সদস্যসচিব রাশিদুল হাসান রিপন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজারুল ইসলাম বিপ্লব, ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম হাসান নয়ন, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আনাছ বিন হোসাইন এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মোড়লসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে তাবারক বিতরণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।