নওগাঁয় বৃষ্টিতে নষ্ট লাখ লাখ কাঁচা ইট, ২০ কোটি টাকার ক্ষ’তির আ’শ’ঙ্কা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় হঠাৎ কয়েক দফা বৃষ্টিতে নষ্ট হয়েছে লাখ লাখ কাঁচা ইট। এতে জেলার ১৩৬টি ইটভাটায় প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃষ্টিতে ইট উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়তি খরচের পাশাপাশি ইটের দামও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভাটামালিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (২২ নভেম্বর) পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে জেলার বিভিন্ন ইটভাটার আঙিনায় তৈরি করে রাখা কাঁচা ইট গলে নষ্ট হয়ে যায়। পাশাপাশি আধা শুকনা অনেক ইটে পড়েছে বৃষ্টির পানির দাগ। আকস্মিক বৃষ্টির কারণে আগাম প্রস্তুতি না থাকায় বেশি ক্ষতির মুখে পড়েছেন ভাটামালিকরা। তবে কিছু ইটভাটায় সাজিয়ে রাখা ইট পলিথিন দিয়ে ঢেকে রাখায় সেগুলো আংশিক রক্ষা পেয়েছে।
ভাটামালিকদের হিসাবে, একটি ইট তৈরি থেকে শুরু করে চিমনিতে পোড়ানোর জন্য তোলা পর্যন্ত খরচ হয় প্রায় সাড়ে পাঁচ টাকা। সেই হিসাবে জেলার ১১টি উপজেলায় থাকা ১৩৬টি ইটভাটায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকা।
নষ্ট হওয়া ইটগুলো সরিয়ে আবার পানি দিয়ে নরম করে নতুন করে ইট তৈরি করতে হবে। এতে বাড়তি শ্রমিক, সময় ও অর্থ ব্যয় হবে। এ ছাড়া বৃষ্টিতে ভাটার আঙিনা ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক দিন উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের পারিশ্রমিক দিতে হবে মালিকদের।
নওগাঁর মহাদেবপুর উপজেলার এম বি ব্রিকসের স্বত্বাধিকারী আজমল হক বলেন, তাঁদের তিনটি আঙিনায় প্রায় দেড় লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে সাজিয়ে রাখা ইট পলিথিন দিয়ে ঢেকে রাখায় কিছুটা রক্ষা পেয়েছে।
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নূর-ই
আলম মিঠু বলেন, কয়েক দিনের দফায় দফায় বৃষ্টিতে জেলার প্রায় সব এলাকার ইটভাটায় কমবেশি ক্ষতি হয়েছে। তাঁর নিজেরও প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃষ্টিতে বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হওয়ায় উৎপাদন খরচ বাড়বে। ফলে বাজারে ইটের দাম কিছুটা বাড়তে পারে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।