মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে পরিবর্তন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে সাজানোর মার্কিন প্রচেষ্টা উলটো দেশ দুটির জন্যই চ্যালেঞ্জ তৈরি করেছে বলে দাবি করেছেন তিনি। তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হোসেইন তাইয়েব।
ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে তিনি বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখতে পাব। তাইয়েবের দাবি, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তিনি বলেন, যুদ্ধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের আন্দোলন দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতের প্রতিফলন। ইরানের এই বাসিজ কমান্ডার আরও দাবি করেন, বিদেশে সামরিক হস্তক্ষেপের ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে। একই সঙ্গে যুদ্ধের প্রতি মার্কিন জনগণের ক্লান্তিও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
তার মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার এবং অঞ্চলটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা পরিবর্তনের মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনেনি। বরং এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতেই নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।