,

শিরোনাম

কট্টরপন্থী ইহুদিদের সমর্থন হারালেন নেতানিয়াহু

সংবাদের আলো ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান আরও দুর্বল হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির কট্টরপন্থী ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম সরকার গঠনের জন্য কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে। একই দিনে আরব নেতৃত্বাধীন একটি রাজনৈতিক দল নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের প্রতি সমর্থন জানিয়েছে।

নির্বাচনের পর সরকার গঠনের জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নির্ধারণে বৃহস্পতিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের নেতানিয়াহু ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষই সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। ফলে দেশটিতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

গভীরভাবে বিভক্ত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সরকার গঠনের জন্য কাকে দায়িত্ব দিলে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার সম্ভাবনা বেশি, তা নির্ধারণ করতে হবে প্রেসিডেন্ট হারজগকে। এ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ১১ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে তার।

নতুন জোট সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। কোনো প্রার্থী সরকার গঠনে ব্যর্থ হলে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফল করলেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী ও ধর্মীয় জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তার দল লিকুদ পার্টি একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেলেও পুরো জোট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি।

বৃহস্পতিবার নেতানিয়াহুর জন্য নতুন ধাক্কা হয়ে আসে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সিদ্ধান্ত। অতি-রক্ষণশীল ইহুদি ভোটারদের প্রতিনিধিত্বকারী প্রধান দুটি দলের একটি এই দল দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর জোটের মিত্র হিসেবে পরিচিত। তবে এবার সরকার গঠনের জন্য কোনো প্রার্থীর নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

অন্যদিকে আইজেনকটও এখন পর্যন্ত ইসরায়েলের দুটি আরব নেতৃত্বাধীন দলের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। তা সত্ত্বেও বৃহস্পতিবার ওই দলগুলোর একটি তার প্রতি সমর্থন জানিয়েছে। অন্য দলটিও দিনের শেষ দিকে একই সিদ্ধান্ত নিতে পারে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে জেরুজালেমে নিজের বাসভবনে আলাদাভাবে আইজেনকট ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগের। বুধবার থেকে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দেশে আরেক দফা নির্বাচন এড়াতে রাজনৈতিক দলগুলোর প্রতি সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

সূত্র: রয়টার্স

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়