জুলাই আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম রাজপথে শহীদ হয়েছেন: রাশেদ
সংবাদের আলো ডেস্ক: জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াসিম আকরামের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, ওয়াসিম আন্দোলনের সময় সহযোদ্ধাদের সাহস জুগিয়েছেন এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে শহীদ হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া জনতা শপিং সেন্টারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, “শহীদ ওয়াসিম আকরাম জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়ে শহীদ হয়েছেন। তাঁর কবর জিয়ারত করা আমাদের দায়িত্ব। আমি কক্সবাজারে এসে তাঁর পরিবারের কাছে না গিয়ে থাকতে পারি না। সে কারণেই তাঁর কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম জুলাই আন্দোলনের সময় সবাইকে সাহস জুগিয়েছেন। আন্দোলনের কঠিন সময়ে তিনি রাজপথে ছিলেন। তাঁর আত্মত্যাগের বিষয়টি সবার জানা উচিত।”
জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের বক্তব্য প্রসঙ্গে রাশেদ খান বলেন, “জামায়াত-এনসিপির নেতাকর্মীরা বলছেন, জুলাই আন্দোলনের সময় বিএনপির কোনো ভূমিকা ছিল না। অথচ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সেই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন—এটা তাঁদের জানা উচিত।”
এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাশেদ খান আরও বলেন, ওয়াসিম আকরামের আত্মত্যাগ শুধু তাঁর পরিবারের জন্য নয়, আন্দোলনের সঙ্গে যুক্ত সবার জন্যই স্মরণীয়। তাঁর কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানানো হবে।
পরে তিনি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে চকরিয়া থেকে রওনা হন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।