উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
খালেক পারভেজ লালু উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধ: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উলিপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, উলিপুর উপজেলায় এ বছর মোট ১২৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব শ্রী স্বপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আত্বাব উদ্দিন।
প্রধান অতিথি আব্দুল খালেক বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ উৎসব। উলিপুরে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আপতাব উদ্দিন মন্ডল, সাবেক উপজেলা যুবদল নেতা আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব উলিপুরের সভাপতি ফিরোজ কবির কাজল এবং কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা।
ওসি শওকত আলী সরকার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, গুজবে কান না দেওয়া, অগ্নি ও বিদ্যুৎ নিরাপত্তায় সতর্ক থাকা এবং কোনো অপ্রীতিকর ঘটনা বা সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানানোর জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপনের পরামর্শ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শ্রী স্বপন কুমার সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উলিপুরের সদস্য সচিব শ্রী দেব দুলাল চন্দ্র, শ্রী নয়ন কুমার রায়সহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।