উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সম্মাননা প্রদান
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে উলিপুর উন্নয়ন ফোরাম এর আয়োজনে গুঞ্জন কমিনিটি সেন্টারে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।
প্রধান অতিথির বক্তব্যে, এমপি মাহবুবুল আলম সালেহী বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে আমাদের এই ধারাবাহিক উদ্যোগ। আজকের এই মেধা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি। পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে উলিপুর তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রশংসা করেন এবং শিক্ষা বিস্তারে উলিপুর উন্নয়ন ফোরামের এই সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান।
থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শামসুন্নাহার আক্তার বলেন, এমপি মহোদয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করায় এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান যেন প্রতিবছর হয় এ আশা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন,উলিপুর উপজেলা জামায়াতের আমীর এডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি প্লাবন সরকার, শিক্ষক আলমগীর বাদশা, উলিপুর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম, উলিপুর উপজেলা ছাত্রশিবির (উত্তর) সভাপতি, আব্দুল্লাহ আল ফারাবী, দক্ষিণ সভাপতি রাকিব হাসান প্রমূখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।